মাদারগঞ্জে সাপের কামড় ও হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু
বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় বিষাক্ত সাপের কামড় ও হিটস্ট্রোকে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে ৪ বছর বয়সী শিশু হুমায়রা এবং বালি বেগম নামে এক বৃদ্ধা নারী।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু হুমায়রা ঘরে বসে ছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। খাট থেকে নামার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে স্বজনরা বিষয়টি জানতে পারেন। সে জানায়, একটি বড় সাপ তাকে কামড় দিয়েছে।
পরবর্তীতে স্বজনরা প্রাথমিকভাবে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই দিনে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় হিটস্ট্রোকে বালি বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দুপুর ১টার দিকে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায় এবং বালি বেগমকে হিটস্ট্রোকে মৃত অবস্থায় আনা হয়।
১৪০ বার পড়া হয়েছে