আলফাডাঙ্গায় হ্যাচারির সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বুধবার, ৩ জুন, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মৎস্য হ্যাচারির সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুদ্ধু শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জাটিগ্রাম পশ্চিম পাড়া এলাকায় অবস্থিত একটি হ্যাচারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুদ্ধু শেখ আলফাডাঙ্গা উপজেলার নাওরা মিঠাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাটিগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা দবির মিয়ার ছেলে সৌদি প্রবাসী ফরিদ মিয়ার মালিকানাধীন মৎস্য হ্যাচারিতে কাজ করতে যান বুদ্ধু শেখ। কাজের একপর্যায়ে হ্যাচারির মোটর পাম্পের পাশে পানি নিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। হ্যাচারি কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬৮ বার পড়া হয়েছে