পঞ্চগড়ে নদী থেকে বালি-পাথর তোলার সময় মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলায় নদী থেকে বালি ও পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় শ্রমিকরা এটি খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় শ্রমিকরা হঠাৎ এই মর্টার শেলটি দেখতে পান। সেটিকে মূল্যবান কোনো ধাতু বা সম্পদ মনে করে আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নামের তিন শ্রমিক নিজেদের বাড়িতে নিয়ে যান।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে শ্রমিকরা মর্টার শেলটি বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির পাশে একটি সড়কের ধারে ফেলে রেখে যান। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বালু ও পাথর তোলার সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে