সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের বৃহত্তম পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প, ব্যয় দাঁড়াল ৯৯২ কোটি টাকা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ সাড়ে ছয় বছরের অপেক্ষা ও নানা জটিলতা শেষে সমাপ্তির পথে মোংলা বন্দরের বৃহত্তম পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প। আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা বাড়াতে নেওয়া বৃহৎ এই ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২১ সালের ১৩ মার্চ। ২৩.৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি হারবাড়িয়া থেকে বন্দরের জেটি পর্যন্ত বিস্তৃত।
প্রকল্পের শুরুতে কাজটি ২০২৩ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। বিশেষ করে ড্রেজিংয়ের বালু ডাম্পিংয়ের জন্য জমি সংকট এবং চ্যানেলে দ্রুত পলি জমে যাওয়ার কারণে কাজ ব্যাহত হয়।
ফলে তিন ধাপে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পেয়ে শুরুতে নির্ধারিত ৭৯৪ কোটি টাকা থেকে বেড়ে চূড়ান্তভাবে দাঁড়িয়েছে ৯৯২ কোটি টাকায়।
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শওকাত হোসেন জানান, ড্রেজিং সম্পন্ন হওয়ায় এখন চ্যানেলের গভীরতা উন্নত হয়েছে। এর ফলে বড় জাহাজ সরাসরি মোংলা বন্দরের জেটিতে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনবে এবং ব্যবসায়ীদের সময় ও খরচ সাশ্রয় করবে।
তিনি আরও বলেন, একটি বন্দরের কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটার বার ড্রেজিংয়ের পর এবার ইনার বার ড্রেজিংও শেষ হলো। ভবিষ্যতে চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং করা হবে।
১১০ বার পড়া হয়েছে