মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ২
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুই জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মুলজান এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুলজান নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন—ঢাকা জেলার সাভার উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আলমের ছেলে রাসেল মিয়া এবং একই এলাকার কাওছারের ছেলে আরাফাত। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত অন্য দুই জনকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক জনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং পিকআপ ভ্যান দুটি ইতোমধ্যে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে