সর্বশেষ

সারাদেশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: খুবির শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ, পুত্তলিকা দাহ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বার্তা পাঠিয়ে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ এবং প্রতীকী পুত্তলিকা দাহ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের হাদি চত্বরে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাবেশ শেষে তার প্রতীকী পুত্তলিকা দাহ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছাত্রীকে আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে অনৈতিক আচরণ করেছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে এবং অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এবার তারা আর কোনো আপস চান না; এই অন্যায়ের পুনরাবৃত্তি রোধে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।

যৌন নিপীড়নের এমন গুরুতর অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষক ড. রেজাউল ইসলামকে সাময়িকভাবে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ড. রেজাউল ইসলাম। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গত ফেব্রুয়ারি মাসে তার মুঠোফোনটি হারিয়ে যায় এবং এরপর থেকেই তার ফেসবুক আইডি অপব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে শিক্ষার্থীরা এই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছেন, ফোন হারানোর পরও ওই শিক্ষকের আইডি থেকে নিয়মিত একাডেমিক যোগাযোগ ও গবেষণা সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন