ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অস্ত্রধারী পলাতক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রাম থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল শিকদার নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পিস্তলের ভেতরে একটি তাজা গুলি পাওয়া গেলেও এর ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের সঙ্গে তার স্ত্রী শারমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রোববার রাতে রেজাউল সেখানে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, স্ত্রী যেতে অস্বীকৃতি জানালে রেজাউল কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি একটি ফাঁকা গুলিও ছোড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন।
সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতির আগেই স্থানীয়দের তৎপরতা টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
১৫৪ বার পড়া হয়েছে