গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২
সোমবার, ১ জুন, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব খাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপীনাথপুর এলাকায় পৌঁছালে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইয়ুব খাঁর মৃত্যু হয় এবং ভ্যানে থাকা দুই যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে