সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সোমবার, ১ জুন, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটির হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ নির্ণয় এবং ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে