ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে ইতালি পাঠানোর অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ইতালিতে বৈধ কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ভুয়া ‘নুলাস্তা’ (ওয়ার্ক পারমিট) প্রদান এবং অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
রোববার সকালে জেলার বারঘরিয়া ব্রিজ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইতালিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়। পরে তাদের কাছে ‘নুলাস্তা’ ও বিভিন্ন কাগজপত্র সরবরাহ করা হলেও সেগুলো যাচাই-বাছাইয়ে জাল বলে প্রমাণিত হয়।
ভুক্তভোগী মোসাম্মাৎ ইসমতারা জানান, তার ছেলে সবুজকে ইতালি পাঠানোর উদ্দেশ্যে তিনি প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়ে অভিযুক্তদের হাতে তুলে দেন। দীর্ঘ সময় পার হলেও বিদেশ যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি এবং বর্তমানে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য ভুক্তভোগীরাও জানান, ২০২৩ সালে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ প্রদান করার পর এক বছর পরে তাদের কাছে ওয়ার্ক পারমিট ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলে সেসব কাগজপত্র জাল বলে জানানো হয়।
তাদের অভিযোগ, অর্থ ফেরতের দাবি জানালে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও আইনি জটিলতার হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। তারা আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
২৪৭ বার পড়া হয়েছে