প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠল পাবনা জিসিআই স্কুল ক্যাম্পাস
শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) স্কুল প্রাঙ্গণ দিনভর পরিণত হলো এক আবেগঘন মিলনমেলায়। প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পূর্ণমিলনী অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৯ মে) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ওয়াজুল হক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জিসিআই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস।
আলোচনা সভা সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী ইমরান হোসেন। স্বাগত বক্তব্য দেন ফজলুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক হাবিবুর রহমান জিন্না, প্রাক্তন শিক্ষার্থী আবু ওবায়দা শেখ তুহিন, আনিসুল হক বাবুসহ অনেকে।
বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন পুরোনো স্মৃতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। ভবিষ্যতে এ আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, এবারের পূর্ণমিলনীতে মোট ৪৭টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ ধরনের আয়োজন আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
সারাদিনের ব্যস্ত কর্মসূচির সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ, যা দিনটিকে স্মরণীয় করে রাখে।
১৬৫ বার পড়া হয়েছে