ঈদযাত্রায় সাভারে স্বস্তি: বাইপাইলে সামান্য ধীরগতি
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেও সাভার এলাকায় সড়ক যোগাযোগে তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় যানবাহনের চাপ কিছুটা বেশি থাকায় সেখানে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। তবে ঢাকা–আরিচা মহাসড়কসহ আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল থেকেই সাভার ও আশুলিয়া অঞ্চলের প্রধান সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক প্রবাহ লক্ষ্য করা যায়। যাত্রীদের দীর্ঘ ভোগান্তির আশঙ্কা থাকলেও অনেক এলাকায় যানজটের তীব্রতা কমে এসেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাইপাইল ও এর আশপাশের এলাকা, বিশেষ করে বিশমাইল পর্যন্ত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। এতে কয়েক ঘণ্টার জন্য তীব্র যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়ে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন দুপুরের পর থেকেই সাভার–আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হয়। ফলে একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক ও যাত্রী বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় নামায় সড়কে চাপ বেড়ে যায় এবং বাইপাইল পয়েন্টে যানবাহনের গতি কমে দীর্ঘ সারির সৃষ্টি হয়।
তবে মধ্যরাতের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কমে আসায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, যান চলাচল বর্তমানে স্বাভাবিক থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে