সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১০ জনের দাফন সম্পন্ন 

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ পরিবারের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের আকাশ-বাতাস।

একসঙ্গে এত মানুষের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় নিহতদের।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। পরে একই কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয় তাদের মরদেহ। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।

স্থানীয়দের ভাষ্য, একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে কখনও দেখেননি তারা। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, আবার কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। শোকে স্তব্ধ প্রতিটি পরিবার।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে মঙ্গলবার ভোরে মরদেহগুলো নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছায়। নিহতদের মধ্যে চারজনকে নিজ নিজ এলাকায় পৃথক জানাজা শেষে দাফন করা হয়।

মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রাম থেকে খাটিয়া এনে মরদেহগুলো দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শরিয়াহ অনুযায়ী সারিবদ্ধভাবে রাখা ছয়টি খাটিয়ায় শায়িত ছিল নিহতদের মরদেহ। শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষও।

জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিহত পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পরিবারগুলোর পাশে প্রশাসন থাকবে।”

প্রসঙ্গত, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা সবাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন।

নিহতদের মধ্যে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের সাতজন, পাকুরিয়া গ্রামের দুইজন এবং নিয়ামতপুর উপজেলার একজন রয়েছেন।

বর্তমানে বিলবেষ্টিত রাজেন্দ্রবাটি গ্রামজুড়ে শুধু শোক আর নীরবতা। যে গ্রামে ছিল মানুষের কোলাহল, সেখানে এখন শুধুই স্বজন হারানোর কান্না।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন