শার্শায় শিশুকে নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার
শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলায় তিন বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে আলম গাজী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টং ঘরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে শিশুটি আহত অবস্থায় পরিবারের কাছে ফিরে এলে বিষয়টি প্রকাশ্যে আসে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাত আনুমানিক ১টার দিকে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে গ্রেফতার করে।
ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে তারা দাবি করেন।
পরে শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।
১০৬ বার পড়া হয়েছে