মাটিকাটা নিয়ে বিরোধ: আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাতনির জামাতা এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে একদল দুর্বৃত্ত ওসমান গণির ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে।
১২২ বার পড়া হয়েছে