কুড়িগ্রামে এমপি ড. আতিকুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার উন্নয়ন, সম্ভাবনা, সুশাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান। বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী, শ্যামল ভৌমিক ও বাদশা সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য ওয়াহিদুজ্জামান তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজের দর্পণ হিসেবে আপনারা জেলার সমস্যা, দুর্ভোগ, অনিয়ম ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন। অনুসন্ধানী সাংবাদিকতা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। কুড়িগ্রামের নদীভাঙন, বেকারত্ব, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে এবং সংসদেও এসব বিষয় উত্থাপন করা সম্ভব হবে।
ড. মুজাহিদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনের সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
এর আগে দুপুর ১২টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একটি কর্মসূচি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভূমি কর্মকর্তা থেকে শুরু করে ইউএনও পর্যায়ের কিছু কর্মকর্তা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা করছেন না।
তিনি আরও বলেন, সদর, রাজারহাট ও ফুলবাড়িসহ বিভিন্ন উপজেলার কিছু কর্মকর্তা জনগণবিরোধী আচরণ করছেন বলে তার মনে হয়েছে। জনগণের সেবা নিশ্চিতের পরিবর্তে অনেকেই ক্ষমতা প্রদর্শনে বেশি আগ্রহী। প্রশাসনের মধ্যে জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা আরও জোরদার হওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
১২০ বার পড়া হয়েছে