কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ ও টমটমের সংঘর্ষে নিহত ১, আহত ২
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রাজিব (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
কটিয়াদি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুপুরের দিকে গরুবাহী একটি পিকআপ ভৈরবের দিকে যাচ্ছিল। পথে পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজিব নিহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ও টমটম জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে