শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ
বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরে সরকারি দপ্তরের কাজে বরাদ্দকৃত গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে এসব গাড়ি দিয়ে পরিবারের সদস্যদের আনা–নেওয়া, বাজার করা এবং ব্যক্তিগত অনুষ্ঠানসহ বিভিন্ন কাজে ব্যবহারের অভিযোগ করেছেন সাধারণ মানুষ।
বুধবার দুপুরে পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা ও লাইব্রেরি শাখা) মেহেরা আফরোজ সুবর্ণা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন তাদের সরকারি গাড়ি ব্যবহার করে শিশুদের স্কুলে আনা–নেওয়া করছেন এবং ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন।
এতে একদিকে সরকারের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নিয়মিতভাবে দিনে দুইবার এসব গাড়ি দিয়ে কর্মকর্তাদের সন্তানদের স্কুলে আনা–নেওয়া করা হয়। তারা আরও বলেন, গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি ব্যবহার করা অবস্থায় কর্মকর্তারা গাড়িতে বসে থাকেন এবং স্কুল ছুটির পর সন্তানদের নিয়ে চলে যান। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই এসব গাড়ির অপব্যবহার করতে দেখা যাচ্ছে। তাই সরকারি গাড়ির যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং অপব্যবহার বন্ধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে সরকারি গাড়িকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছেন। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দেন তারা।
সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক মাসুদ বলেন, ইউএনও স্যারের মেয়ে স্কুলে পড়ে, তাকে আনা–নেওয়া করতে আসা হয়। মাঝে মাঝে তাকে নিয়ে আসা–নেওয়া করা হয়।
তবে সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন বলেন, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় না।
১২৩ বার পড়া হয়েছে