সিলেটে মাজার জিয়ারতে আসা নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট শহরে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) দুই জনকে আটক করেছে, আর একজন এখনও পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা ও ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি ধর্মীয় উদ্দেশ্যে সিলেটের মাজারে এসেছিলেন।
র্যাবের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তিনি তাকে লোহারপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে যান, যেখানে আগে থেকেই অবস্থান করা অন্য কয়েকজন এবং কিছু সিএনজিচালিত অটোরিকশার চালক মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করেন।
পরের সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানালে তারা র্যাবকে খবর দেন। এরপর র্যাব-৯ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে। অভিযানে একটি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটকদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
র্যাব-৯-এর সিপিএস কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের তথ্যও মিলে যাচ্ছে। পলাতক এক অটোরিকশাচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে এবং পুরো চক্র সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে