চট্টগ্রামে রাজু হত্যা মামলায় ৬ আসামি গ্রেফতার, অস্ত্র ও সিএনজি উদ্ধার
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বায়েজিদ এলাকার রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে এসে মোঃ হাসান প্রকাশ রাজু হত্যা মামলায় জড়িত ছয় আসামিকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ঘটনার সময় আসামিদের পরনে থাকা পোশাক উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে বায়েজিদ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।
তিনি জানান, পরিকল্পিতভাবে গত সাত দিন ধরে এই হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাউজানের মধু নাসির হত্যা মামলার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সৈয়দুল করিম, আব্দুল মান্নান, ইউনুস মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর সিদ্দিক প্রকাশ খোকন এবং আজগর আলী।
এর মধ্যে প্রধান আসামি সৈয়দুল করিমকে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া প্রত্যেক আসামির বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে