জামালপুরে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে থাকা কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। তাদের মধ্যে অন্যরা সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝনদীতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা অভিযান চালানোর পর বিকেলে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।
এদিকে, একই সময়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাঁচজন মাদকসেবীকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা অংশ নেন।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার শেষে মরদেহ জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস মরদেহ থানায় হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ দাবি করেন, অভিযানের সময় কোনো ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি। নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়েও তার জানা নেই।
১২২ বার পড়া হয়েছে