চরাঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল গড়ার উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার কাজের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায়। বিভিন্ন স্থানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে নিতে কাজ চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়নের সূচকে টাঙ্গাইল সদরকে দেশের শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিংয়ের মাধ্যমে যুবসমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
১২০ বার পড়া হয়েছে