নওগাঁয় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা: হোমায়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, খাদ্য পরিদর্শক আতিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোজাফফর হোসেন, মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান, সদর খাদ্যগুদামের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) কনক আল আজাদসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হবে। নির্বাচিত কৃষকরা সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।
সদর খাদ্যগুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ১ হাজার ৯৩৮ টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, নওগাঁ জেলার ১১ উপজেলার ২০টি খাদ্যগুদামে মোট ২০ হাজার ২১৮ মেট্রিক টন ধান, ৫০ হাজার ৭৯৬ মেট্রিক টন চাল, ৫ হাজার ৯৫৩ মেট্রিক টন আতপ চাল এবং ৩ হাজার ১৪৩ মেট্রিক টন গম সরকারিভাবে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে জেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
১২৭ বার পড়া হয়েছে