কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী সুকান্ত মেলা শুরু বুধবার
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্য-এর পৈতৃক ভিটায় তাঁর ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ‘১৪ তম কবি সুকান্ত মেলা’র আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (১৩ মে) বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন নিতাই রায় চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি-সাহিত্যিক ও গুণিজনদের সংবর্ধনাসহ নানা আয়োজন থাকবে। এছাড়া মেলাকে ঘিরে গ্রামীণ মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মেলার রং ও আলপনা আঁকা এবং মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। পুরো উনশিয়া গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, প্রতিবছরই কবি সুকান্তের পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করা হয়। তিনি মনে করেন, কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি বিদ্যালয়ে নানা আয়োজন করা হলে নতুন প্রজন্ম কবি সুকান্ত সম্পর্কে আরও জানতে পারবে।
ধারাবাশাইল আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কবি মিন্টু রায় বলেন, প্রতি বছরের মতো এবারও সুকান্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশবরেণ্য কবি, লেখক ও সাহিত্যিকদের প্রাণবন্ত আড্ডা বসবে। তিনি জানান, এ মেলায় আগত কবি-সাহিত্যিকদের মুক্তভাবে মত প্রকাশ ও আলোচনা করার সুযোগ দেওয়া হয়, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকে ধরে রাখতে আরও বর্ণাঢ্য আয়োজন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ ও চেতনাকে বর্তমান যুবসমাজের মাঝে ছড়িয়ে দিতে আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কলকাতায় জন্ম হলেও তাঁর পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং হরতাল। তাঁর কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত মানুষের পক্ষে দৃঢ় অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে।
১২৫ বার পড়া হয়েছে