কুয়াকাটার হোটেল থেকে ভোলার নিখোঁজ কলেজছাত্রী উদ্ধার, দুই যুবক আটক
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোলা জেলার চরফ্যাশন থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী কারিমা হাসান (১৭) কে পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কুয়াকাটার হোটেল রূপান্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন চরফ্যাশন উপজেলার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। অপহরণের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কলেজছাত্রী কারিমা নিখোঁজ হওয়ার পর তার পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ কুয়াকাটার ওই হোটেল থেকে তাকে উদ্ধার করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভোলার চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের মতে, ৯৯৯-এ দ্রুত তথ্য দেওয়ার কারণেই দ্রুত অভিযান পরিচালনা করে কলেজছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে