মুন্সীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ, ৮ মে (শুক্রবার) — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম, জেলা কালচারাল অফিসার মোঃ এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, মানবতাবাদ, শিক্ষা ভাবনা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁর অবদানের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যের নয়, বিশ্বমানবতারও এক উজ্জ্বল প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম আজও মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ, সংস্কৃতিচর্চা ও দেশপ্রেম জাগ্রত করতে রবীন্দ্রচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৩৯ বার পড়া হয়েছে