শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব শুরু
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্ম শুধু বাঙালির নয়, বরং সমগ্র মানবজাতির অমূল্য সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িকতার যে শিক্ষা তিনি রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং চিরন্তন।
মন্ত্রী আরও বলেন, কবিতা, গান, সাহিত্য ও দর্শনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় যুক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তিনি। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মাঝে রবীন্দ্র আদর্শ ও সংস্কৃতি চর্চা বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ডা. এম এম মুহিত, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী পর্ব শেষে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। উৎসবকে ঘিরে কাচারিবাড়ি প্রাঙ্গণে আগামী তিন দিনব্যাপী গান, নৃত্য, সাহিত্যচর্চা ও গীতিনাট্যের আয়োজন থাকবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশের রবীন্দ্রভক্তরাও অংশ নিচ্ছেন।
১৬৩ বার পড়া হয়েছে