পাবনায় আবাসিক হোটেলে নারী হত্যার ঘটনায় পরিচয় শনাক্ত, স্বামী পলাশের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় নারী মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম মিনা খাতুন (৩০)। তিনি পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের কালিয়ানি গ্রামের সামছুল আলমের মেয়ে এবং দুই সন্তানের জননী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিনা খাতুনের দ্বিতীয় স্বামী পলাশ শেখের হাতে তিনি পরিকল্পিতভাবে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা সামছুল আলম বাদী হয়ে পলাশ শেখকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গত মঙ্গলবার (৫ মে) পাবনা শহরের মধ্যাঞ্চলে অবস্থিত লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মরদেহের পরিচয় শনাক্ত করে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে যশোর জেলার কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের আমিনুর রহমান লাল্টুর সঙ্গে মিনার বিয়ে হয়। পরে লাল্টু ঢাকায় কর্মসূত্রে থাকার সময় প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে পলাশ শেখের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এরপর গত বছরের জুলাই মাসে মিনা তার দুই সন্তানকে রেখে পলাশের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় আট মাস পর তিনি বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই বসবাস করছিলেন।
গত ৪ মে সকালে বেড়া উপজেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ৫ মে দুপুরে লাকী বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর তার বাবা বাদী হয়ে পলাশ শেখকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১১৯ বার পড়া হয়েছে