আট বছরেও চালু হয়নি হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া গ্রামে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি আট বছর ধরে কার্যক্রমহীন অবস্থায় পড়ে আছে। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হলেও এখনো চালু হয়নি একাডেমিটির কার্যক্রম। ফলে অব্যবহারে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ ও মূল্যবান যন্ত্রপাতি।
সরেজমিনে দেখা যায়, একাডেমির মিলনায়তনের মঞ্চে ভুট্টা শুকানো হচ্ছে। ভবনের ভেতরে রাখা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ভবনের দেয়াল ও মেঝেতে জন্মেছে আগাছা। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, জানালার কাঁচ ভেঙে গেছে এবং পানি পড়ে শেওলা জমেছে বিভিন্ন স্থানে। বিদ্যুৎ সংযোগ না থাকায় ইলেকট্রিক যন্ত্রাংশও অকেজো হয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্দেশ্যে একাডেমিটি নির্মাণ করা হলেও উদ্বোধনের পর থেকে কার্যক্রম শুরু হয়নি। এতে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্থাপনাগুলো। একাডেমিতে রয়েছে ৩০০ আসনবিশিষ্ট আধুনিক মিলনায়তন, ৫০০ আসনের মুক্তমঞ্চ এবং একটি প্রশিক্ষণ ভবন। ভবিষ্যৎ প্রজন্মকে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে একাডেমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন এলাকাবাসী।
অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি চর্চার জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একাডেমিটি চালু হলে শুধু তাদের সংস্কৃতিই নয়, মূলধারার সংস্কৃতির সঙ্গেও পারস্পরিক আদান-প্রদান বাড়বে। একই সঙ্গে জেলার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের স্থান সংকটও অনেকটা দূর হবে।
একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল জানান, জনবল নিয়োগ না হওয়ায় একাডেমির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরিচ্ছন্নতা কর্মী না থাকায় পুরো এলাকা জঙ্গলে পরিণত হয়েছে। তবে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং আগামী জুন-জুলাইয়ের মধ্যে জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে। নিয়োগ সম্পন্ন হলেই একাডেমির কার্যক্রম চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, সম্প্রতি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এখনো একাডেমিটি পরিদর্শন করা হয়নি। দ্রুত সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে এবং সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলেও জানান তিনি।
১১৮ বার পড়া হয়েছে