নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বুধবার, ৬ মে, ২০২৬ ১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশ উপজেলার জিনারদী এলাকার অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদরের হাজীপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫) এবং খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে নির্জন স্থানে দেখা করার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো।
এছাড়া, ভুক্তভোগীদের বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের হত্যার হুমকিও দেওয়া হতো। অভিযানের সময় ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ জানান, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক এই চক্রের শিকার হন। বিষয়টি তদন্তে আসার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
১২০ বার পড়া হয়েছে