সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৬ বিজিবি ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা কার্যালয়ে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, বিয়ার এবং নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি মোট ৪৯ জন আসামিকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় ৩৪ কোটি ২০ লাখ ৪১ হাজার ৫৩৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য। এর মধ্যে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য আজ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে ৬ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা)। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। “জিরো টলারেন্স” নীতির আলোকে বিজিবির সদস্যরা সীমান্তে দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি।

পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

এক বছরের অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান প্রমুখ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন