কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বুধবার, ৬ মে, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপজেলা কৃষক সমিতির আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ধানের লাভজনক দাম নিশ্চিত করা, ধান কেনায় লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, সরকারি খালের ইজারা বাতিল ও পুনঃখননসহ বিভিন্ন দাবিতে এ কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষাবাদ করে ঋণগ্রস্ত হচ্ছে। তারা ধানের ন্যায্য ও লাভজনক দাম পাচ্ছে না, সময়মতো সার ও কীটনাশক পায় না, প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনার আওতায় আসে না, খাল ও স্লুইসগেটগুলো সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য সুদমুক্ত ঋণ নেই, ধান বিক্রির সময় দালাল সিন্ডিকেটের হয়রানি ও ওজনে কারচুপি সহ নানা সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যার সমাধানে সরকার ও স্থানীয় প্রশাসন এগিয়ে না এলে কৃষকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা সরকারের প্রতি কৃষকদের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, কৃষকদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। ধানের ওজন ৪০ কেজিতে নির্ধারণ করা হবে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে ইতোমধ্যে উপজেলার ৪৪টি খাল অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট দখলকৃত খালগুলোও পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে এবং তাদের দাবির সাথে প্রশাসন একমত।
১২৭ বার পড়া হয়েছে