সর্বশেষ

সারাদেশ

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ৪ মে, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহরের কাঠালতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা চত্বর থেকে কাঠালতলী ও বনরুপা বাজার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পদবঞ্চিতরা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএনপি কার্যালয় এলাকা দখলে রাখে। একই সময়ে পৌরসভা চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একাংশের নেতাকর্মীরা অবস্থান নেয়।

বিকেল তিনটার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধভাবে এসে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়। এতে পদবঞ্চিতরা কাঠালতলী ও বনরুপা এলাকার বিভিন্ন স্থানে ছত্রভঙ্গ হয়ে পড়ে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বনরুপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলা বিএনপির কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনী এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, “ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”

জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদলের নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন, যা স্বাভাবিক বিষয়। নতুন কমিটি সবার সঙ্গে আলোচনা করে ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) কেন্দ্র থেকে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও পদবঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এই কমিটি অছাত্র, বিবাহিত, মাদক ব্যবসায়ী ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছেন বলেও তারা অভিযোগ করেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন