শিবগঞ্জে তেলকুপি মাদ্রাসায় অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন
রবিবার, ৩ মে, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় অবস্থিত তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায় কথিত গোপন নিয়োগ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে তেলকুপি এলাকার সর্বস্তরের জনগণ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীসহ কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণ দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুর রহিম তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা যথাযথ বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মুকুল আলী, বেনজির আলী, আজমুল, সারওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
১৬৬ বার পড়া হয়েছে