চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ‘স্বপ্ন’র মানবিক সহায়তা
রবিবার, ৩ মে, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে থাকা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’।
সংগঠনটির ‘মেডিকেয়ার’ প্রকল্পের আওতায় হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি আইপিএস, চারটি হুইলচেয়ার এবং চার্জার লাইট প্রদান করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রোগীদের সুবিধার্থে ১৫০০ ভিএ ক্ষমতাসম্পন্ন একটি আইপিএস, চারটি আধুনিক হুইলচেয়ার এবং ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন চার্জার লাইট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।
সিভিল সার্জন অনুষ্ঠানে বলেন, তীব্র গরমে রোগীদের কষ্ট লাঘবে তরুণদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিশু ওয়ার্ডে আইপিএস স্থাপনের ফলে রোগীরা উপকৃত হবে।
এ সময় স্বপ্ন সংগঠনের স্বেচ্ছাসেবক আবু রায়হান, খাইরুল, মারুফা, শাখাওয়াত, মামুন, জামিল, আসাদুল ও মওদুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের সহযোগিতায় সংগৃহীত তহবিল দিয়ে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে