পটুয়াখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন
রবিবার, ৩ মে, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং বিধ্বস্ত একটি মন্দির পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’।
রবিবার (৩ মে) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনের দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য, দাতা সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের অর্থায়নে জরুরি ভিত্তিতে এই খাদ্য ও মন্দির নির্মাণ সহায়তা প্রদান করা হয়।
সকালবেলা প্রথমে নবাবগঞ্জের মাদব হাওলাদার, এরপর নিমাই চন্দ্র, স্বপন মিস্ত্রি, মন্নান বয়াতি, ফরিদগঞ্জের রিয়াজ হাওলাদার, সলিমপুরের বিমল বিশ্বাস ও নির্মল বিশ্বাসের পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য দেওয়া হয় ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ২০০ গ্রাম শুকনা মরিচ, ২৫০ গ্রাম হলুদের গুঁড়া, ১টি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার।
এছাড়া ক্ষতিগ্রস্ত অমল মাঝির বাড়ির মন্দির পুনর্নির্মাণের জন্য ২,০০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), প্রধান উপদেষ্টা ও প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতুব্বর, দাতা সদস্য এম সাইদ, শামীম মাতুব্বর, এবং সদস্য জহিরুল ইসলাম, তানিম, সেলিম, জাকির হোসেন আবির, উদ্দাপ, হৃদয়সহ অন্যান্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা নয়নাভিরাম গাইন (নয়ন) এবং প্রধান উপদেষ্টা আবু তালেব ইভান মাতুব্বর বলেন, “বর্তমানে দুর্দশাগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় ও ঘর নির্মাণে সমাজের হৃদয়বান, বিত্তশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি এবং প্রবাসীদের এগিয়ে আসা উচিত।”
১০৩ বার পড়া হয়েছে