শাহজাদপুরে নবনির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস
রবিবার, ৩ মে, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি ইটের রাস্তা উদ্বোধনের মাত্র চার দিনের মাথায় তা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, গাড়াদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে ওই রাস্তার ইট তুলে নেওয়া হয়েছে।
জানা যায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ওসি মো. সাইফুল ইসলাম এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের কয়েকদিন পর, গত শনিবার (২ মে) বিকেলে সাবেক ইউপি সদস্য আফসার আলীর নেতৃত্বে কয়েকজন সহযোগী এসে রাস্তার সব ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলি জানান, সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করেছিলেন। কিন্তু হঠাৎ করে সাবেক মেম্বার আফসারের নেতৃত্বে কিছু লোক এসে ইট তুলে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে আফসার আলী মোবাইল ফোনে জানান, তিনি কোনো রাস্তার ইট তুলে নেননি। তাঁর দাবি, যেখানে রাস্তা করা হয়েছে সেটি একটি কলেজের জমি, তাই সেখানে দখলমুক্ত করা হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, “গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা চলাচল করে আসছিলেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন ওই পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে কয়েকটি পরিবার প্রায় ২০ দিন অবরুদ্ধ অবস্থায় থাকে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন সরেজমিন পরিদর্শন করে উপজেলা পরিষদের অর্থায়নে ওই ইটের রাস্তা নির্মাণ করে দেন বলে জানা গেছে।
১৬১ বার পড়া হয়েছে