সর্বশেষ

সারাদেশ

চান্দিনায় ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে বৃদ্ধা হত্যার অভিযোগ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৩ মে, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনা উপজেলায় ধান কাটার জন্য ভাড়া করে আনা শ্রমিকদের বিরুদ্ধে সমিরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

হত্যার পর ঘর থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে অভিযুক্তরা।

রোববার (৩ মে) ভোরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওলিপুর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সমিরণ বেগম স্থানীয় বিত্তশালী কৃষক আবদুল বাতেন মোল্লার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে এলাকায় ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিলে গত ২৭ এপ্রিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে চারজন শ্রমিক ভাড়া করে আনেন আবদুল বাতেন মোল্লা। শ্রমিকরা বসতঘরের মাঝের একটি কক্ষে থাকতেন, আর পাশের পৃথক দুটি কক্ষে স্বামী-স্ত্রী ঘুমাতেন।

শনিবার সন্ধ্যায় একজন শ্রমিক একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এরপর রাতে আরও একজন নতুন শ্রমিক ভাড়া করে আনা হয়।

নিহতের ছেলে বশির জানান, প্রতিদিনের মতো ভোরে তার মা নামাজ পড়তে উঠলেও সেদিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে শ্রমিকদের কক্ষে গিয়ে দেখা যায় তারা কেউ নেই। পরে মায়ের কক্ষে গিয়ে তিনি হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। এ সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া যায়।

পালিয়ে যাওয়া শ্রমিকরা নিজেদের বাড়ি রংপুর, চাঁদপুর ও ঢাকায় বলে জানিয়েছিল।

ঘটনার পর চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও এসআই আবদুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, টাকা ও স্বর্ণালংকারের লোভেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, হাট থেকে শ্রমিক ভাড়া করার সময় তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহ করা অত্যন্ত জরুরি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন