কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি ফাহিম, সম্পাদক সাঈদ; বঞ্চিতদের ক্ষোভে রাজনীতি ছাড়ার ঘোষণা
রবিবার, ৩ মে, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত এ কমিটিতে ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হোসেন মাদু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জাহেদ নুর জিতুকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ ইমরান।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করবেন তিনি। অন্যদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার একে নিজের জীবনের বড় অর্জন উল্লেখ করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে কমিটি ঘোষণার পরপরই সংগঠনের ভেতরে অসন্তোষের সুরও প্রকাশ পেতে শুরু করেছে। পদবঞ্চিত অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ‘বিচার আল্লাহর কাছে দিলাম’ উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন। কেউ কেউ আবার ছাত্রদল থেকে বিদায়ের ঘোষণাও দিয়েছেন।
অন্যদিকে, একটি পক্ষের অভিযোগ—নতুন কমিটিতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সমর্থিত নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
সব মিলিয়ে নতুন এই কমিটি কক্সবাজারের ছাত্ররাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, বিতর্কের ঊর্ধ্বে উঠে সংগঠনকে শক্তিশালী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।
১১৯ বার পড়া হয়েছে