কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার সন্দেহ
শনিবার, ২ মে, ২০২৬ ৩:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া আবাসন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার স্বামী নাজমুল ফরাজী। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় কিছুদিন আগে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার দিন একই বিষয়কে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী নাজমুল বিষয়টি তার শ্বশুর-শাশুড়িকে ফোনে জানান। এরপর ফারজানা নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে