চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের সমাবেশ ও গণমিছিল
শনিবার, ২ মে, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই সনদ ও গণভোটে প্রকাশিত গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২ এপ্রিল) বিকেলে শহরের পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তারা দাবি করেন, গণভোটে যে গণরায় প্রকাশ পেয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করা হয়েছে। এ অবস্থায় গণদাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
এসময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১২২ বার পড়া হয়েছে