সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬'র উদ্বোধন, প্রথম দিনেই মুকসুদপুরের জয়

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২ মে, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের মতো গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

শনিবার (০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের তিন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডা. কে. এম. বাবর এবং এস. এম. জিলানী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম দিনে ফুটবলে বালক বিভাগে মুকসুদপুর উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। একইভাবে বালিকা বিভাগেও মুকসুদপুর উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে অংশ নিচ্ছে। এতে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, বিশ্বের বিভিন্ন দেশ খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে কোটি কোটি টাকা উপার্জন করছে। আমাদের নেতা তারেক রহমানও খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে নানা উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে দেশের তরুণ-তরুণীরা খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে সম্মানজনক আয়ের সুযোগ পাবে। তাই অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী বলেন, দেশের যুব সমাজ আজ মাদক ও মোবাইল আসক্তিতে ঝুঁকে পড়ছে। খেলাধুলার মাধ্যমেই এ আসক্তি থেকে যুবসমাজকে ফিরিয়ে আনা সম্ভব। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে দুটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ জাতি গঠনে সুস্থ ও সবল মানুষ অপরিহার্য, তাই পরিবারকে সন্তানদের প্রতি সচেতন থাকার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সুস্থ, সবল ও মেধাবী সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন বা শরীরচর্চা নয়, এটি একটি সম্ভাবনাময় পেশাও। তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে একযোগে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, একজন মেধাবী খেলোয়াড় তার খেলাকে পেশা হিসেবে নিতে পারবে—এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, যার মধ্যে রয়েছে মায়েদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং সারা দেশে খাল খনন প্রকল্প।

তিনি আরও জানান, ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান “নতুন কুঁড়ি” কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ১২ থেকে ১৪ বছর বয়সী মেধাবী খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন