সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউসে ডাকাতি, কোটি টাকার ই-মানি লুট
শনিবার, ২ মে, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে দিনদুপুরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে ঢুকে একদল সশস্ত্র সন্ত্রাসী কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও ই-মানি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে মোগড়াপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত ‘টি-এন্টারপ্রাইজ’ নামের নগদ ডিস্ট্রিবিউশন হাউসে প্রতিদিনের মতো কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করেই ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে হামলা চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শটগান ও পিস্তলসহ সশস্ত্র অবস্থায় সন্ত্রাসীরা অফিসে ঢুকে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারধর করে। পরে তারা ক্যাশে থাকা ৭ লাখ টাকা এবং ৫টি গুরুত্বপূর্ণ স্মার্টফোন ছিনিয়ে নেয়। অভিযোগে আরও বলা হয়েছে, লুট হওয়া ফোনগুলোর মধ্যে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।
ভুক্তভোগীরা দাবি করেছেন, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারা আরও জানান, সন্ত্রাসীরা অফিসে প্রবেশ করেই মারধর শুরু করে এবং সব সদস্যের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পাশাপাশি তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।
ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, সাবেক কর্মচারী হওয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই হামলাকারীদের জানা ছিল। ঘটনাস্থল ত্যাগের সময় তারা মামলা করলে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
১২১ বার পড়া হয়েছে