প্রথম সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২ মে, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে পুরো নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ। উন্নয়ন প্রত্যাশায় সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সফরের দিকে।
নগরজুড়ে ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো সংস্কার, ডিভাইডারে বৃক্ষরোপণ, স্থাপনাগুলোতে নতুন রং এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণের মাধ্যমে সিলেটকে সাজানো হয়েছে নতুন রূপে। সিটি করপোরেশন জানিয়েছে, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী উপহার দিতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। আগমনের পর তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সুরমা নদীর তীরবর্তী চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং নগর ভবনে সুধী সমাবেশে অংশ নেবেন।
একই দিন বাংলাদেশ ওভারসিজ সেন্টারের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন এবং সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির সূচনা করার কথা রয়েছে তাঁর। বিকেলে জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের ঘোষণা দেবেন তিনি। সফরের শেষ দিকে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সফরের মাধ্যমে সিলেটের উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার অগ্রগতি এই সফরের সময় তুলে ধরা হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; বরং সিলেট অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৫ বার পড়া হয়েছে