চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভায় মহান মে দিবস পালিত
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
দিবসটি উপলক্ষে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস-কোচ পরিবহন ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত পরিবহন শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে একই স্থানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিক ও মালিকের পারস্পরিক সুসম্পর্ক দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। অধিকার আদায়ের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শ্রমিকদের কল্যাণ, অধিকার রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরে “শ্রমিক সংহতি জিন্দাবাদ” স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
১২৩ বার পড়া হয়েছে