রাজশাহীতে র্যাবের অভিযানে কুষ্টিয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচয়ধারী আব্দুর রহমান শামিম (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাজীব মিস্ত্রি (৩২)-কে রাজশাহী থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে এবং তিনি ওই মামলার তিন নম্বর আসামি বলে জানা গেছে।
র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পীর হত্যা, আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজীবকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে একই মামলায় গত রোববার ও সোমবার গভীর রাতে ফিলিপনগর ও ইসলামপুর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) এবং দশম শ্রেণির ছাত্র আলঙ্গীর হোসেন (১৬)-কে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আব্দুর রহমান শামিমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
১৯৯ বার পড়া হয়েছে