পাবনা প্রেসক্লাবের ৬৫ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের সূচনা, কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাব ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে। পহেলা মে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন শুক্রবার (১ মে) কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ১১টার দিকে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এছাড়া বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন খান, বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য এইচকেএম আবু বকর সিদ্দিক, মোস্তফা সতেজ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, কামাল আহমেদ সিদ্দিকী, কবি ও সাহিত্যিক মজিদ মাহমুদ, কমরেড জাকির হোসেন, সহ-সভাপতি ছিফাত রহমান সনম ও এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান খান বিপ্লব, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজনের দ্বিতীয় দিনে শনিবার (২ মে) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে বের হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
একই দিন সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ অন্যান্য শিল্পীরা।
সমাপনী দিন রবিবার (৩ মে) প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের পরিবার নিয়ে মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনের আয়োজন শেষ হবে।
উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে প্রতিষ্ঠিত পাবনা প্রেসক্লাব দীর্ঘ ৬৫ বছরের পথচলায় সাংবাদিকতার পেশাদারিত্ব ও ঐতিহ্য বজায় রেখে আসছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্যদের গৌরবময় ইতিহাসও এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে