শব্দ দূষণ নিয়ন্ত্রণে ফরিদপুরে অভিযান: ৭ পরিবহনে মামলা, জরিমানা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল এবং ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রশান্ত কুমার মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার।
সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সাংবাদিকসহ প্রায় ২৫০ জন অংশ নেন।
আলোচনা সভা শেষে দুপুর ১টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর-সালথা সড়কের মোড়ে শব্দ দূষণবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৭টি যানবাহন থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম মাহবুব বিন বাছেদ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশের একটি দল সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২০ বার পড়া হয়েছে