চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল গণমাধ্যম প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের স্কাই ভিউ ইন হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড’ এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ হিসেবে আত্মহত্যা বিষয়ক রিপোর্টিংয়ের বিভিন্ন কারিগরি ও সংবেদনশীল দিক তুলে ধরেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. তানজির রশিদ সরন। প্রশিক্ষণ প্রদান করেন জেলার অভিজ্ঞ প্রশিক্ষক ও সাংবাদিক মো. আসাদুল্লাহ।
কর্মশালায় জানানো হয়, বিশ্বে প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ আত্মহত্যা করে। বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় ১২ হাজার। স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০৮ জন আত্মহত্যায় প্রাণ হারান এবং ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত ৩০ জন আত্মহত্যা করেছেন।
বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রচারের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আত্মহত্যার পদ্ধতি বা বিষয়টিকে রোমান্টিকভাবে উপস্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংবাদে সবসময় সাহায্যকারী হেল্পলাইন নম্বর বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার তথ্য যুক্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, দৈনিক চাঁপাই দর্পণ-এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ফয়সাল মাহমুদ এবং এটিএন নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. নাদিম হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শেষে বক্তারা আশা প্রকাশ করেন, দায়িত্বশীল ও সংবেদনশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আত্মহত্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
১৮০ বার পড়া হয়েছে