রুপাতলী পানি শোধনাগার পুনরায় চালু, বরিশালে পানি সংকট নিরসনে আশা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রুপাতলী ১৬ এমএলডি (প্রতিদিন ১ কোটি ৬০ লাখ লিটার) সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালু করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রুপাতলী প্ল্যান্টটি নগরীর অন্যতম প্রধান পানি সরবরাহ অবকাঠামো। এখানে নদী ও খাল থেকে সংগৃহীত কাঁচা পানি আধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানিতে রূপান্তর করা হয়।
প্ল্যান্টে পানি শোধনের কাজ একাধিক ধাপে সম্পন্ন হয়। প্রথমে কাঁচা পানি সংগ্রহের পর কোয়াগুলেশন ও ফ্লকুলেশন প্রক্রিয়ায় ময়লা পৃথক করা হয়। এরপর স্থিতিকরণ, ফিল্টারিং এবং জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি সরবরাহের উপযোগী করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও উন্নত হয়েছে।
দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, পুরনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটি আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নগরীতে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় এবং অনেক এলাকায় বিকল্প উৎসের ওপর নির্ভরতা বাড়ে।
সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্প্রতি প্ল্যান্টটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব। রুপাতলী প্ল্যান্ট পুনরায় চালুর মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্ল্যান্টটির কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে পানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।
নগরবাসী আশা করছেন, গরম মৌসুমে পানির চাহিদা বাড়ার সময় এই প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এটি বরিশালের পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি কার্যকর অবকাঠামো হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
১১৯ বার পড়া হয়েছে